ডা. সামন্ত লাল সেন 

মন্ত্রী হিসেবে প্রথম অফিস আগামীকাল 

আগামীকাল রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে প্রথম অফিস কার্যক্রম পরিচালনা করবেন নতুন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। 

তিনি রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় প্রথমে নিজ দপ্তরে যোগদান শেষে সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং মন্ত্রণালয় সম্পর্কে অবহিত হবেন।

এরপর বেলা ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন নতুন স্বাস্থ্যমন্ত্রী।

গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান—শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি নতুন সরকারের একজন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।