প্রচণ্ড ঠাণ্ডায় কেশবপুরে শত শত শিশু জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও শহরের ৮টি বেসরকারি ক্লিনিকে ২৫৩ জন শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স ১৩৬ এবং বেসরকারি ক্লিনিকে ১১৭ জন শিশুকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় ১৫ জন শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে ৯১ জন শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে কেশবপুরে প্রচণ্ড শীতে ঠাণ্ডাজনিত রোগে শিশু ও বৃদ্ধরা জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। শীতের সঙ্গে ঝিরিঝিরি বাতাসে মানুষের জীবন কাহিল হয়ে পড়েছে। সোমবার সকাল থেকে ঠাণ্ডায় মধ্যে কিছু সময় শিশির বৃষ্টি হয়। সারাদিন সূর্যের আলো দেখা যাইনি।
সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সে আসা উপজেলার কড়িয়াখালি গ্রামের নাসিমা খাতুন জানান, তার ৭ মাসের শিশু দুই দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছে। চিকিৎসক বলেছেন তার কন্যা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর জানান, প্রচণ্ড শীতে ঠাণ্ডাজনিত রোগ বেড়েে গেছে। শিশু ও বৃদ্ধরা জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রতিদিন শতাধিক শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছে।