সেন্ট মেরি’স ইউনিভার্সিটির শিক্ষার্থী-প্রতিনিধি মাদারীপুরের রনি খান

যুক্তরাজ্যের সেন্ট মেরি’স ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি ছাত্র রনি খান। গত ২৩ জানুয়ারি তাকে স্বনামধন্য এ বিশ্ববিদ্যালয়ের টিলএলজি ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করা হয়। 

তিনি যুক্তরাজ্যে অধ্যয়নরত একজন বাংলাদেশি নাগরিক। তার জন্ম মাদারীপুর পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ডের কুলপদ্দি এলাকায়। সোহরাব খান ও রোকেয়া বেগম দম্পতির সন্তান তিনি। 

এক প্রতিক্রিয়ায় রনি খান বলেন, ‌‘ক্যাম্পাসের সব শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে মনে করি, প্রত্যেকের সুবিধা-অসুবিধা মানে আমারও নিজের। আমার ক্যাম্পাসে বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা পড়াশোনা করেন। যুক্তরাজ্যের মতো উন্নয়নশীল দেশে বহুজাতিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা ও অ্যাকাডেমিক দায়িত্ব পালন একটু চ্যালেঞ্জিংও বটে। তবে যেকোনও চ্যালেঞ্জিং বিষয় আমি উপভোগ করি। আমার দৃঢ় বিশ্বাস, সবার সহযোগিতায় এই দায়িত্ব সফলভাবে পালন করতে পারবো।’ 

প্রসঙ্গত, সেন্ট মেরি’স ইউনিভার্সিটি যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিম লন্ডনের টুইকেনহামে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। মূলত ১৮৫০ সালে এটি একটি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও ২৩ জানুয়ারি ২০১৪ সাল থেকে এটি প্রিভি-কাউন্সিল কর্তৃক পূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে মঞ্জুরি লাভ করে।