দৈনিক ইত্তেফাকের মাদারীপুর সংবাদদাতা মোঃ শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকালে মাদারীপুরের সাংবাদিকবৃন্দদের আয়োজনে মাদারীপুর পৌরসভা মিলনায়তনে এই দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও স্মরণ সভায় মাদারীপুর জেলার ৫ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত বুধবার (১১ জুন) ভোরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা ইউনিটে (আই.সি.ইউ) চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান মৃত্যুবরণ করেন। তিনি জেলা শহরের পানিছত্র এলাকার বাসিন্দা। শাহজাহান খান দীর্ঘ ৪ বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ অসুস্থ হয়ে তিনি ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বাদ জোহর মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক শাহজাহান খান দৈনিক ইত্তেফাক পত্রিকার মাদারীপুর সংবাদদাতা ছাড়াও স্থানীয় দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দীর্ঘ ৫৫ বছর মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রেখেছেন। এর জন্য গত তিন বছর আগে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ লাভ করেন।
এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে জেলায় কর্মরত সকল সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
১৯৭০ সাল থেকে শুরু করে ২০২৫ সাল, এই দীর্ঘ ৫৫ বছর ধরে ছিলেন এই সাংবাদিকতা পেশায়। ১৯৭০ সালের পহেলা সেপ্টেম্বর মাদারীপুর মহকুমার সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়ে ১৯৭৫ সালের ১৫ ই জুন পর্যন্ত কাজ করেন। এরপর দৈনিক পূর্বদেশ বন্ধ হয়ে যায়। এরপরে ১৯৭৫ সালের পহেলা সেপ্টেম্বর থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় মাসিক ২০ টাকা সম্মানি ভাতায় নিয়োগ প্রাপ্ত হন তিনি। সেই থেকে দীর্ঘ ৫০ বছর ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকায় মাদারীপুর সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

