অলীন বাসারের নতুন উপন্যাস ‘বল্টুদের দেয়াল ঘড়ি’

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে অলীন বাসারের নতুন উপন্যাস ‘বল্টুদের দেয়াল ঘড়ি’। ঝরঝরে ও সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এর পটভূমি। বইটি প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য ভবন। 

‘বল্টুদের দেয়াল ঘড়ি’ উপন্যাসের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ভেতরে অলংকরণ করেছেন শেহরীন আহমেদ ইরিনা ও ফেরদৌস আরা কাশফিয়া। বইয়ের দাম রাখা হয়েছে ৩০০ টাকা।

অলীন বাসার এখন উপন্যাস লিখছে নিয়মিত। খুদে লেখক হিসেবে সে সমধিক পরিচিত। ২০১৫ সালে যখন তার প্রথম বই প্রকাশ হয়, তখন সে প্রথম শ্রেণির ছাত্র। বয়স তখন ৭। আর গল্প লেখা শুরু ছয় বছর বয়স থেকে। এ পর্যন্ত তার ১১টি বই প্রকাশ হয়েছে। 

২০০৮ সালের ২২ মে সাতক্ষীরায় জন্ম গ্রহণ করে অলীন বাসার। বর্তমানে আইডয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের ১০ম শ্রেণির ছাত্র।

‘বল্টুদের দেয়াল ঘড়ি’ তার দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাস ছিল ‘নীল রত্নের রাজ্যে মিনু’ (২০২৩)। অন্যগুলো গল্প সংকলন।

তার অন্য বইগুলো হলো, ‘অন্ধকারে ভূতের ছাঁয়া’, ‘ভুতুড়ে’, ‘ভুতুম’, ‘ভূতের টিউশনি’, ‘পালোয়ানের হার’, ‘গোরস্তানে বিয়ে’, ‘বিড়াল পণ্ডিত’, ‘বাঘের গর্জন’, ‘কালো ঘোড়া’, ‘পেটুক শিয়াল’ এবং ‘চক্র’।