ভিক্ষুকের গলায় স্বর্ণের চেইন, লাশ মিলল ভুট্টা ক্ষেতে

রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মালেকা বেওয়া (৭৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুুরে উপজেলার বাউসা ইউনিয়নের বেনুপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধা করা হয়। 

জানা গেছে, শুক্রবার বিকালে ভিক্ষা করতে বের হন মালেকা বেওয়া। এরপর তিনি আর ঘরে ফিরে আসেননি। বিষয়টি এলাকার চেয়ারম্যানসহ স্থানীয় লোকজনকে জানানো হয়েছে। পরে শনিবার দুপুর ১টার দিকে শুনতে পাই, পাশ্ববর্তী বাউসা ইউনিয়নের বেনুপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতে মুখে আঘাত প্রাপ্ত অবস্থায় মালেকার লাশ পড়ে আছে। খবর পেয়ে বাঘা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের শরীরের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত আঘাতের চিহৃ রয়েছে। এবং সেখানে একটি আমের ডাল পড়ে ছিল।

বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি মৃত নারীর গলায় একটি স্বর্ণের চেইন ছিল। হয়তো এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুস্কৃতকারীরা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। 

বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা জানান, আমি ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেছি। তার মুখে এবং মাথায় আঘাতের চিহৃ রয়েছে। আমরা এ লাশটি ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠাব। সেখান থেকে রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।