মানবিক পাঠশালার ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’

কক্সবাজারের চকরিয়ায় ছুড়ে ফেলা বা ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিলেই উপহার দেওয়া হচ্ছে। পরিবেশ দূষণ রোধ ও পরিবেশের সৌন্দর্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ‘প্লাস্টিকের বিনিময়ে উপহার নিন’ নামের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্লাস্টিক পণ্য বর্জন ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় এ উদ্যোগ নিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক পাঠশালা।

গেল মাসে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ কার্যক্রমের ক্যাম্পেইন শুরু হয়েছে। উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করেন মানবিক পাঠশালার উপদেষ্টা ও চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব জসিম উদ্দিন। প্রতিদিন চকরিয়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপহার পেয়ে এক শিক্ষার্থী বলেন, ‘এই উদ্যোগটি অনন্য। প্লাস্টিকের বোতল অহরহ ব্যবহার করা হচ্ছে। এর বিনিময়ে যে উপহার পাবো, কখনোই ভাবিনি। অনেক ভালো লাগছে। আশা করি, তাদের এই শুভ উদ্দেশ্য সফল হবে।’

এই আয়োজনকে  সাধুবাদ জানিয়ে মানবিক পাঠশালার উপদেষ্টা জনাব জসিম উদ্দিন বলেন, ‘শিক্ষাঙ্গনকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ প্রসংশনীয়। শুরু থেকেই দারুণ সাড়া পাচ্ছে সংগঠনটি। উপহার হিসেবে বই পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরাও।’

সংগঠনের প্রতিষ্ঠাতা-সদস্য তাসিন রাজ্জাক আলভি বলেন, ‘রাস্তাঘাটে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে পরিবেশের সৌন্দর্যহানি ঘটছে। এসব বর্জ্য পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য জমা দিলেই সকলের হাতে উপহার তুলে দেওয়ার কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

মানবিক পাঠশালার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক ইরানুল ইসলাম জানান, ‘পানির বোতল-চিপসের প্যাকেটসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী রাস্তাঘাটে ফেলায় সামাজিক পরিবেশ যেমন দূষণ করে তেমনি জীব-বৈচিত্র্যের জন্যও হুমকি। তাই প্রাকৃতিক পরিবেশ সমুন্নত রাখতে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মানবিক পাঠশালা। যেকোনো প্লাস্টিক সামগ্রী জমা দিয়ে যে কেউ উপহার জিততে পারেন আমাদের স্টল থেকে।’ এরই মধ্যে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে প্লাস্টিক থেকে পরিবেশ রক্ষায় এক সচেতনতা ক্যাম্পেইন। চকরিয়ার বিভিন্ন পয়েন্টে অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে যেখানে বই, গাছের চারা ও অন্যান্য পরিবেশবান্ধব উপহার ও বিন সাজানো আছে। জনসাধারণ ও শিক্ষার্থীরা এই বুথে ব্যবহার্য প্লাস্টিক জমা দেবেন এবং উপহার গ্রহণ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন—কার্যনির্বাহী পরিষদের সদস্য মেহেদী ইকবাল ইমন ও এরশাদুল ইসলাম আপনসহ মানবিক পাঠশালার অন্যান্য স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দ।