রিফাত হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার, আরো ১জন গ্রেফতার

আলোচিত বরগুনার রিফাত শরীফকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টা ৩৫  মিনিটে বরগুনা সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, সোমবার সকালে রিফাত ফরাজীকে সাথে নিয়ে তার দেখানো ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়েছে।এই রামদা দিয়েই সে প্রকাশ্যে  রিফাত শরীফকে কুপিয়েছে। 

আরও পড়ুন: বাগেরহাটে ট্রাকের চাপায় নিহত ২

তিনি আরো জানান, সোমবার ভোর  সাড়ে ৪টার দিকে রিফাত শরীফ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরিয়ান সাবা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাসা বরগুনার বাজার  সড়কে। তার বাবার নাম ইউনুস সোহাগ। এনিয়ে এ মামলায় ১১ জনকে গ্রেফতার করলো পুলিশ।
 
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত এজাহারভূক্ত ৩ জনসহ ৬ জন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকী ৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রীর সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারী সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) ও রিফাত ফরাজীর সঙ্গে লড়াই করেও তাদের থামাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইত্তেফাক/এমআরএম