বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া তিন লাখ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এর আগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মোজাম্মেল হক (৩২) নামে এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভাড়া বাসা থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৫টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা মৃধাপাড়ায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়।
রাজশাহী জেলা ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিসিবির ডিভিশন ক্রিকেট দলের মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার মোজাম্মেল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি জানান, চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া তিন লাখ টাকা তার ভাড়া বাসার শয়নকক্ষে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা আছে।
রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মামুন অর রশিদের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. মেহেদী হাসানসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
এ সময় সাক্ষীদের উপস্থিতিতে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা খাকি কাগজের একটি প্যাকেট থেকে ছয়টি বান্ডিলে মোট তিন লাখ টাকা উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ৫০০ টাকার ১০০টি নোট ছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় টাকাগুলো জব্দ করা হয়।
এর আগে একই দিন ভোর ৪টা ১৫ মিনিটে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে এ চুরির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ আট হাজার টাকা, একটি ম্যাসাজ বেড, একটি লাগেজ, চারটি প্লাস্টিকের বক্স, চুরির সরঞ্জাম এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া রুবেল আহমেদ (৩৮) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় ১৫ অক্টোবর পুঠিয়া থানায় মামলা হয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ৪৬১ ও ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
