স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সেবা পৌঁছে দিতে ময়মনসিংহের গৌরীপুরে ‘জনতার দুয়ারে সরকার’ শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সহনাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলার পাছার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এই ব্যতিক্রম আয়োজনের মধ্যে ছিল- সাধারণ মানুষের সাথে উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পরিচয়, সরকারি সেবাসমূহ, সুযোগ-সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় সমস্যাদির কথাও তুলে ধরা হয়। যা দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেছেন জাতীয় সংসদ সদস্যসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি উপস্থিত থেকে স্থানীয় সাধারণ মানুষের সমস্যাদির কথা শুনেছেন।
এসময় তিনি বলেন, ‘জনতার দুয়ারে সরকার’ এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জানতে চাইছি আপনারা আপনাদের অধিকার সম্পর্কে কতটুকু জানেন। আমি বুঝলাম আপনারা অধিকার সম্পর্কে অনেক সচেতন। এই আয়োজনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা তারিখ দেন পরবর্তীতে আবার আমরা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করবো। যেখানে আপনারা জানতে পারবেন আপনাদের উন্নয়ন কর্মকাণ্ড কতখানি হচ্ছে আর কতখানি বাকি রইলো। আমরা কি করলাম সেই জবাবদিহি করে যাবো। আজকে এই জবাবদিহির বিষয়টি ওপেন করে দিয়ে গেলাম। এই কাজটা কিন্তু আপনাদের হাতে দিয়ে গেলাম। আমরা কতটুকু কাজটা করলাম সেটা তদারকির দায়িত্ব আপনাদের। আপনারা আপনাদের কাজটুকু বুঝে নিয়েন।
তিনি আরও বলেন, আমরা আজকে যার জন্য এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনার জন্য আপনারা নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে সুস্থ রাখেন। জাতির পিতাকে শ্রদ্ধা জানাই। আপনাদেরকে সাথে নিয়া জাতির পিতার যে স্বপ্ন সোনার বাংলাদেশ ও জননেত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে পারি। আমরা সহনাটি ইউনিয়নকে স্মার্ট ও ডিজিটাল করার মধ্য দিয়ে বাংলাদেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে চাই।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল।
সহনাটী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলিসহ আরও অনেকে।