এইচএসসির প্রথম দিন অনুপস্থিত ১৫ হাজার

গতকাল রোববার থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। সিলেট শিক্ষা বোর্ড ছাড়া আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন। অনুপস্থিত ছিল ৯ হাজার ৯৭০ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডর আলিম পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৯৮৮ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ২ হাজার ২৪৫ জন।

গতকাল আটটি সাধারণ শিক্ষা বোর্ডে বহিষ্কার হয় ২০ জন। এর মধ্যে ময়মনসিংহ বোর্ডে ১১ জন, বরিশালে দুই, চট্টগ্রামে তিন, যশোর এক, রাজশাহী এক ও কুমিল্লা বোর্ডে দুই জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে চার জন এবং কারিগরি বোর্ডে ২৫ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।

গতকাল বৃষ্টি মাথায় করে পরীক্ষাকেন্দ্রে ছুটতে হয়েছে পরীক্ষার্থীদের। ছিল যানবাহনের সংকটও। অনেককে বৃষ্টিতে ভিজে ভোগান্তি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে।

বিষয়টি মাথায় রেখে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা বোর্ড। গতকাল এক বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড থেকে জানানো হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের সূত্র থেকে জানা যায়, আগামী কয়েক দিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পূর্বেই কেন্দ্রের মূল গেট খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধাঘণ্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় উক্ত আধাঘণ্টা কিংবা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।