রাজশাহীর স্কুলে মিলল অজগর সাপ

রাজশাহীর বাগমারা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অজগর সাপ (ইন্ডিয়ান পাইথন) পাওয়া গেছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোহনগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বারনই নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত। নদীর পানিতে ভেসে আসে অজগরটি। এরপর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আশ্রয় নেয়। টানা ২০ দিনের ছুটি শেষে আজ সকালে শ্রেণিকক্ষের তালা খোলা হলে সাপটি দেখা যায়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকুজ্জামান মানিক বলেন, সকাল ৯টার দিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করে। হঠাৎ এক শিক্ষার্থী সাপটিকে দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কে ক্লাসের বাইরে চলে আসে। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। 

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের সাপ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হবে।