দীর্ঘদিন ধরে নওগাঁর বদলগাছীতে ৪টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠ দখল করে বসছে হাট বাজার। সরকারি মডেল পাইলট হাইস্কুল, ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়, গোবর চাঁপা হাট উচ্চ বিদ্যালয় ও কোলা হাট উচ্চ বিদ্যালয় মাঠে হাট বসায় চরম দুর্ভোগে পরেছে শিক্ষার্থীরা।
প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য তার প্রতিষ্ঠান পরিবেশ পূর্ণ ও পরিস্কার রাখার। কিন্তু রহস্যজনক ভাবে স্বাভাবিক স্বাচ্ছন্দ পরিবেশ বজায় রাখতে পারছেন না তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভান্ডারপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠের পরিবেশ এত খারাপ, যার কারণে হাটের দিন অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে স্কুল মাঠে রয়েছে কাদা পানির সমস্যা, অন্যদিকে হাট বারের দিন হাটুরিদের চাপে শিক্ষার্থীদের স্কুলে আসা কষ্টকর হয়ে পড়ে।
এ বিষয়ে সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোজাফফর হোসেন (উকিল) বলেন, ‘এ বিষয়ে মানববন্ধনসহ উপর মহলে বহু দেন দরবার করেও কোন সুরাহা পাওয়া যায়নি। স্কুলের নিজস্ব সম্পদ, ছেলেদের লেখা পড়ার পরিবেশ নষ্ট করার অধিকার কারো নেই।’ ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন বলেন, ‘হাট বাজার থেকে আমরা কোন টাকা পাই না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘আমি এখানে আসার পর থেকে দেখছি কয়েকটি স্কুলে এই অবস্থা। হাট বসানোর কারণে শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলার কঠিন সমস্যা সৃষ্টি হয়েছে। বিষয়টি ডিও স্যারকে বলা হয়েছে ‘বদলগাছী উপজেলা দায়িত্বপাপ্ত নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ এর যোগাযোগ করলে তিনি বলেন, ‘উর্ধত্বন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
স্কুলগুলোর কয়েক জন সাবেক শিক্ষকের সঙ্গে কথা বললে তারা জানান, একসময় এই স্কুল মাঠগুলোয় ছিল সবুজ সিপ সিপে ঘাসে ভরা। স্বাভাবিক স্বাচ্ছন্দ পরিবেশে ছেলে মেয়েরা শারীরিক কসরত ও মুক্ত ভাবে খেলাধুলা করত। এখন আর কোনো খেলার মাঠ নেই। মাঠগুলো পরিণত হয়েছে হাট বাজারে।