নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের প্রাণহানি

পরিচয় শনাক্তে রেলওয়ের সকল স্টেশন ও থানায় নিহতের ছবি

ট্রেনে কাটা পড়ে ৫ জনের প্রাণহানির ঘটনার তিন দিনেও মেলেনি কারও পরিচয়। নিহতদের পরিচয় নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের সকল স্টেশনে নিহতের ছবি পাঠিয়েছেন। 

এর আগে সোমবার (৮ জুলাই) রাত ১২টা থেকে মঙ্গলবার (৯ জুলাই) ভোর পর্যন্ত পর্যায়ক্রমে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িসংলগ্ন কবরস্থানে তাদের দাফন করা হয়। এছাড়া বুধবার (১০ জুলাই) আদালতের অনুমতি নিয়ে নিহত ব্যক্তিদের ডিএনএ ও ভিসেরা টেস্টের জন্য উদ্ধার করা আলমত ঢাকায় পাঠানো হয়েছে। 

মামলা তদন্তকারী কর্মকর্তা নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো: শহীদুল্লাহ বলেন, পাঁচজন একসঙ্গে ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনার কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। সেদিন তাদের সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা খুঁজে বের করতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাছাড়া ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীও নেই। ঘটনাস্থল থেকে কোনো মোবাইল ফোনও পাওয়া যায়নি। এখনো তাদের কোনো স্বজনের সন্ধান মেলেনি।  

উল্লেখ্য, সোমবার (৮ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় সকাল সাড়ে ৫টার দিকে কোনো এক ট্রেনে কাটাপড়ে ৫ জনের প্রাণহানি হয়েছে। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ, রায়পুরা থানা পুলিশ, পিবিআই এবং ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে আসেন। ট্রেনে কাটাপড়া ৫ জনের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছর।