লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১৫টি দোকান। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকানগুলোর মালামাল ভষ্মিভূত হয়ে যায়। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরের দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরীর হাটে এ আগুনের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।
এদিকে ঘটনাস্থল পৌঁছতে ফায়ার সার্ভিসের সময়ক্ষেপণকে দায়ী করেছে দুজন ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহমান স্বপন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে আগুনের ঘটনা ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো আসেননি। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৫টি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে হার্ডওয়ার, প্লাস্টিক ও কাপড়ের দোকান রয়েছে বলে জানা গেছে।
চররমনী মোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহমান স্বপন ও স্থানীয় দুজন ব্যবসায়ী বলেন, কল দেওয়ার এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থল এসেছে। অথচ ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও উন্নত। তাদের সময়ক্ষেপণের কারণেই ১৫টি দোকান আগুনে পুড়ে গেছে। আরও আগে আসলে ক্ষয়ক্ষতি কম হতো বলে দাবি করেন তারা।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান বলেন, তারা ছয়টা ২০ মিনিটে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কাপড়ের দোকান বেশি হওয়ায় আগুনের লেলিহান শিখার মাত্রা বেশি ছিল। তাদের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে বলে জানান তিনি।