কোটালীপাড়ায় বেনজীরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরি, গ্রেপ্তার ৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহম্মেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজিরের ঘের থেকে মাছ চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- ডহরপাড়া গ্রামের কিশোর সমদ্দার (২০), আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের মনির হোসেন (৫০)।

শুক্রবার (১১ জুলাই) মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশিদ।

এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলে বেনজীরের স্ত্রী ও মেয়ের ঘের থেকে মাছ ধরার সময় কিশোর সমদ্দার, আলামিন শেখ ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ বলেন, গত ২৩ মে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত বেনজীর আহম্মেদ ও তার পরিবারের সদস্যদের নামীয় সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগ দিয়েছেন। সে অনুযায়ী বেনজীরের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীরের কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলের ঘেরটি মৎস্য অধিদপ্তরকে রিসিভার নিয়োগ দিয়েছে। তাই ওই ঘের থেকে মাছ ধরার কথা জানতে পেরে তিনি জেলা কর্মকর্তাকে জানান।

পরবর্তীতে জেলা কর্মকর্তা মাছ ধরা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি রুই মাছ ও ১টি জাল জব্দ করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় তার দপ্তরের অফিস সহায়ক তৈমুর হাওলাদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশিদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।