দেশে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে, তখন অনেকেই তাদের নিজেদের অভিজ্ঞতার জায়গা থেকে দেশের জন্য কিছু করার ঘোষণা দিয়েছিলেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বর্তমানে একটি কর্পোরেট সংস্থায় কর্মরত তাহসিন শাহরিয়ার জানিয়েছিলেন, আন্দোলন সফল হলে তিনিও ১০০০ জনকে বিনামূল্যে ওয়েব ডেভেলপমেন্ট শেখাবেন। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এবার তিনি ‘স্বাধীনতা বুট ক্যাম্প’ আয়োজনের উদ্যোগ নিয়েছেন।
তথ্যপ্রযুক্তির এই সময়ে ফুল স্টেক ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ জানলে যে কারো জন্যই ভালো ক্যারিয়ারের হাতছানি রয়েছে। তাহসিন শাহরিয়ার বলেন, আগ্রহী যে কোন বাংলাদেশি মানুষ বা তরুণ এই ক্যাম্পে অংশ নিতে পারবেন। পুরো আয়োজনটি পরিচালনা করা হবে অনলাইনে। তবে নিজস্ব ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে। ওয়েব ডেভেলপার হতে চাইলে অবশ্যই কম্পিউটার অপারেট করা জানতে হবে। পাশাপাশি বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ থাকা লাগবে।
তাহসিন শাহরিয়ার আরও জানান, 'আমার এই উদ্যোগের পেছনে একটাই কারণ, সেটা হলো আমাদের এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রোগ্রামটি যদিও সম্পূর্ণ ফ্রি, কিন্তু আমি ওয়ার্ল্ডক্লাস বুটক্যাম্প এক্সপেরিয়েন্স দিতে চাই যেন এখানে লার্নিং শেষে যে কেউ সফলভাবে বিভিন্ন জব এবং ফ্রিল্যান্সিং করতে পারেন। ৮ মাসের এই জার্নি যারা সফলভাবে শেষ করবে, তাদের সবার জন্য স্পেশাল জব হান্টিং এবং ফ্রিল্যান্সিং সেশন থাকবে।
কেউ স্বাধীনতা বুট ক্যাম্পে অংশ নিতে চাইলে https://shorturl.at/AF7Nm এই লিংকে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে ২৩ আগস্ট পর্যন্ত এবং সম্ভাব্য ক্লাস শুরুর তারিখ ৬ সেপ্টেম্বর।