নরসিংদী বাজারে বিক্রির সময় টিসিবির ৩০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রোববার (১ ডিসেম্বর) রাতে নরসিংদীর বড় বাজার থেকে বস্তাগুলো জব্দ করা হয়।
জানা গেছে, দীর্ঘ দিন যাবৎ আলিদা এন্টারপ্রাইজের মালিক সাদ্দাম হোসেন ওরফে হৃদয় নরসিংদী বাজারে অবৈধভাবে টিসিবির চাল বিক্রি করে আসছিল। তিনি নরসিংদী পৌরসভার ৪নং ওয়ার্ডে টিসিবির ডিলারের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। রোববার রাতে ব্যাটারিচালিত অটোরিকশায় নরসিংদী বড় বাজারে চাল বিক্রি করতে গেলে জনতার হাতে ধরে পড়েন হৃদয়। এ সময় তিনি পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন খবর দিলে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে।
এ বিষয়ে নরসিংদী উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন বলেন, টিসিবির চাল বিক্রি করছে এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাজারে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চালগুলো জব্দ করি। এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।