ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির আহবায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন নান্দাইল পৌর বিএনপির আহবায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে দলটির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ এফ এম আজিজুল ইসলাম পিকলুর স্থলে নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম ফকিরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, বুধবার শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। ওই স্থানেই পাল্টা ইফতার মাহফিল আয়োজনের কথা জানায় স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের অপর একটি পক্ষ।
এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে নতুন বাজার এলাকায় দুটি পক্ষই অবস্থান নেয় এবং বিকেল ৪টার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওই কলেজ ও আশপাশের এলাকায় রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।