গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে আব্দুল মজিদ (৬৫) নামে একজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ২ জনকে গুরুতর অবস্থায় বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল মজিদ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত কছিল উদ্দীনের পুত্র।

স্থানীয়রা জানান, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে মৃত আব্দুর রহমানের পুত্র আমিরুলের সাথে করতোয়া নদীর চরের এক বিঘা জমি নিয়ে একই গ্রামের আব্দুল মজিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার জমির ফসল কাটা দিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুল মজিদসহ ৫ জন আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হওয়ায় তাজেল ও আমিরুলকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার বুলবুল ইসলাম বলেন, এলাকা শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।