ইরানের উত্তরাঞ্চলের গিলান প্রদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় চারটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গিলানের আস্তানেহ-ইয়ে আশরাফিয়া শহরে। খবর বিবিসি।
গিলান গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে নারী ও শিশুসহ মোট ১৬ জন রয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করছে, নিহতদের মধ্যে ইরানের শীর্ষস্থানীয় একজন পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকির নাম রয়েছে।
এদিকে ইরানি গণমাধ্যম এবং সরকারি সূত্র ইঙ্গিত করছে, এই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। এমন সময় এই হামলা হলো, যখন ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীও দাবি করেছে, তারা রাতের বেলায় ইরান থেকে উৎক্ষেপণ করা একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েল তার নাগরিকদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছে এবং সতর্কতা না আসা পর্যন্ত সেখানে থাকার পরামর্শ দিয়েছে।
তবে ইরান এখনও হামলার দায় স্বীকার করেনি বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেনি। হামলার বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী পূর্বেই বলেছিলেন, যদি ইসরায়েল আগ্রাসন বন্ধ করে, তবে তেহরানও পাল্টা হামলা চালাবে না।
সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে। এই হামলা এবং পাল্টা পদক্ষেপের মধ্য দিয়ে যুদ্ধবিরতির সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।