মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি রোধে সহায়তা করার জন্য কাতারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাবানজি।
মঙ্গলবার (২৪ জুন) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লাইভে এ খবর জানায়।
ইরান ইয়ং জার্নালিস্ট ক্লাবের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এক ফোন কলে কাতারের রাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফিকে তার দেশের “গঠনমূলক ভূমিকা” জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভালো প্রতিবেশী হিসেবে ও সর্বোচ্চ স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক চালিয়ে যেতে এবং শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান।
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার পর পরই এ প্রতিবেদন প্রকাশিত হয়।
জবাবে, কাতার এই হামলাকে কঠোরভাবে নিন্দা জানিয়ে মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করে।