উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ১২ দিনের যুদ্ধে ইরানের ছোড়া কমপক্ষে ৫০টি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৬ জুন) ইসরায়েলি রিপোর্টের বরাতে তুর্কিভিত্তিক আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
আনাদোলু জানায়, ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ আরোপ করেছে। তাদের সামরিক ও নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে হামলা সম্পর্কিত তথ্য এবং ছবি প্রকাশে বাধা দিয়েছে। ফলস্বরূপ, ইসরায়েলি সামরিক ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও অস্পষ্ট।
তেল আবিব-ভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (আইএনএসএস)-এর বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরান ইসরায়েলে ৫৯১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে কমপক্ষে ৫০টি সরাসরি আঘাত করেছে। ইরান ১,০৫০টিরও বেশি ড্রোনও মোতায়েন করেছে; ৫৭০টি ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছেছে।
এছাড়া হামলার সময় ইসরায়েলব্যাপী প্রায় ১৯ হাজার ৫০০ বার বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, ৮৫% থেকে ৯০% ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত করা হয়েছে।
আনাদোলু জানিয়েছে, ইরানের হামলায় ইসরায়েলে ২৯ জন নিহত এবং ৩,৪৯১ জন আহত হয়েছে।
লক্ষ্যবস্তু এলাকা থেকে প্রায় ১১,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ ৩৮,০০০ এরও বেশি ক্ষয়ক্ষতির রিপোর্ট পেয়েছে।