কক্সবাজারের টেকনাফে আব্দুর রহমান নামে এক টমটম (ইজিবাইক) চালককে আইপিএস চুরির অভিযোগ এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকায় মো. ফারুককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বিকেলের দিকে বাহারছড়া ইউনিয়ন শামলাপুর বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার চালক আব্দুর রহমান (২৯) টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড জোয়ারিখোলা নজির আহমেদের ছেলে।
আটক ফারুক টেকনাফ বাহার ছড়া শামলাপুরের মোজাহার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ইজিবাইক চালক আব্দুর রহমানের বিরুদ্ধে আইপিএস চুরির অভিযোগ এনে মো. ফারুক ও এরফান নামে দুজন তাকে বেধড়ক মারধর করেন। এসময় তাকে বাজারের খুঁটিতে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তারা। নির্যাতনের পর আব্দুর রহমানকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান তারা। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসা করিয়েছেন।
এ বিষয়ে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, আব্দুর রহমান নামে এক টমটম ইজিবাইক চালককে মারধরের ঘটনা জানার পরে অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়। তবে এ ঘটনায় বাদীর পক্ষ থেকে কোনো মামলা করেনি। বাদী-বিবাদী বৃহস্পতিবার সকালে একটি আপোষনামা দেয়। তবে আমাদের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।