মাদারীপুরে ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ কর্মকর্তাদের টেনেহিঁচড়ে বের করে দেওয়ার হুমকি জামায়াত নেতার

মাদারীপুরে জামায়াত ইসলামীর এক নেতা ইসলামী ব্যাংকের পুরান বাজার শাখায় নেতাকর্মীদের নিয়ে ব্যাংকে প্রবেশ করে কর্মকর্তাদের অফিস থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার হুমকি দেন। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে হুমকির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের মাদারীপুর পৌর শাখার নায়েবে আমীর আবদুর রহিম তার দলীয় কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পুরান বাজারের ইসলামী ব্যাংকে প্রবেশ করে কর্মরত কর্মকর্তাদের টেনে-হিঁচড়ে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। 

অভিযোগ উঠেছে, আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের এই হুমকি দেওয়া হয়। তবে ওই জামায়াত নেতার দাবি, আগের সরকারের সময় এস.আলম গ্রুপ অনিয়মের মাধ্যমে এসব কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দিয়েছিল।

এই বিষয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের মাদারীপুর পৌর শাখার নায়েবে আমীর আবদুর রহিম বলেন, ‘দলীয়ভাবে আমাদের ওই ব্যাংকে যাওয়ার কোনো নির্দেশনা নেই। তবে আমরা ব্যাংকের গ্রাহক। সেই হিসেবে ওখানে যারা সঠিক নিয়মে নিয়োগ পায়নি তাদেরকে অফিসে আসতে নিষেধ করেছি। যাতে ব্যাংকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়।’

তবে এই বিষয়ে মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনায়েত হোসেন বলেন, ‘ইসলামী ব্যাংকে প্রায় ৫ হাজার ৫০০ কর্মী আগের সরকারের সময়ে এস.আলম গ্রুপের মনোনীত ব্যক্তিদের অনিয়ম করে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানের ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ নতুন নিয়ম করেছে যে, তারা আগের কর্তৃপক্ষের অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া কর্মকর্তাদের নতুন করে পরীক্ষা গ্রহণ করে চূড়ান্তভাবে আবারও নিয়োগ প্রদান করবে। কিন্তু ওই সকল কর্মকর্তারা তা মানতে চায়নি। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া মাদারীপুর পৌর নায়েবে আমীরের ওই হুমকির বক্তব্য আমাদের দলীয় কোনো বিষয় নয়। ওই বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য।’

তবে এই বিষয়ে ইসলামী ব্যাংক মাদারীপুর শাখার কর্মকর্তাদের কেউ বক্তব্য দিতে রাজি হননি।