ব্যাংকে টাকা তুলতে না পেরে চট্টগ্রামে বিক্ষোভ

‘আমার মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৪

নিজেদের জমা রাখা টাকা তুলতে না পারাসহ বিভিন্ন ব্যাংকিং সেবায় ভোগান্তির অভিযোগে চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ করেছেন। সোমবার (২৪ আগস্ট) নগরের হালিশহর এলাকায় ব্যাংকটির জোনাল অফিসে গিয়ে তারা এসব অভিযোগ জানান। কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন আমানতকারী অংশ নেন।

সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটির আহ্বানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতারা জোনাল অফিস কর্তৃপক্ষের সঙ্গে আমানতকারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

কর্মসূচিতে এসে অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, ‘আমার মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না।’ এ কথা বলতে বলতে তিনি চেয়ারে বসে পড়েন। ব্যাংকের কর্মকর্তারা এ সময় তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

আলাউদ্দিন জানান, কয়েক দিন আগে অসুস্থ মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতে হয়েছে। ব্যাংকে তার আমানতের টাকা থাকলেও প্রয়োজনের সময় তা তুলতে না পারায় মায়ের চিকিৎসা করাতে পারছেন না।

সংগঠনের নেতারা জানান, গত ১০ থেকে ১৫ দিনে চট্টগ্রামের বিভিন্ন শাখা পরিদর্শন করে তারা আমানতকারীদের সমস্যার কথা শুনেছেন। তাদের অভিযোগ, টাকা উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে গিয়ে গ্রাহকদের অসহযোগিতার মুখে পড়তে হচ্ছে।

অমানতকারীদের অভিযোগ, নিজেদের জমা করা অর্থ প্রয়োজনের সময় তুলতে না পারায় দীর্ঘদিন ধরে তারা ভোগান্তিতে রয়েছেন। চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে টাকা না পাওয়ায় অনেকেই আর্থিক সংকটে পড়েছেন।

জোনাল অফিস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর উপস্থিত আমানতকারীদের মধ্যে প্রায় ৬৬ জনের সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। পাশাপাশি অন্যান্য জরুরি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়।

সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটির সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি শারমিন আক্তার ও অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন কর্মসূচিতে নেতৃত্ব দেন।

সহসভাপতি শারমিন আক্তার বলেন, আমানতকারীরা দীর্ঘদিন ধরে নিজেদের জমা করা টাকা তুলতে না পেরে ভোগান্তিতে রয়েছেন। অনেক গ্রাহকের জরুরি প্রয়োজন থাকলেও তারা প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারছেন না। দ্রুত সমস্যার সমাধান করে আমানতকারীদের স্বাভাবিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।

ইত্তেফাক/এসএ