টি-২০ বিশ্বকাপ

অ্যালেনের রেকর্ড সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড, ‘পুরোনো বৃত্তে’ বন্দি দক্ষিণ আফ্রিকা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে দাপুটে দল হয়েও নকআউট পর্বে এসে ফের পুরোনো বৃত্তে বন্দি হলো দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে স্নায়ুচাপ আর বড় ম্যাচের চাপে ভেঙে পড়ার পুরোনো ইতিহাসই যেন ফিরে এল তাদের সামনে।

অন্যদিকে, গ্রুপ পর্বে খাদের কিনারে থাকা নিউজিল্যান্ড আবারও তাদের কৌশলগত বুদ্ধিমত্তা আর অদম্য মানসিকতার পরিচয় দিয়ে জয় ছিনিয়ে নিল। দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে শিরোপার লড়াইয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাইনালে জায়গা করে নিয়েছে কিউইরা।

বুধবারের এই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে ফিন অ্যালেনের বিধ্বংসী শতকে মাত্র ১২.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। অ্যালেন মাত্র ৩৩ বলে অপরাজিত ১০০ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।

ম্যাচের শুরুতেই টস ভাগ্য সহায় ছিল নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের। শুষ্ক উইকেটে কিউই বোলাররা শুরু থেকেই চেপে ধরেন প্রোটিয়াদের। বিশেষ করে চোট পাওয়া ক্রিকেটারের বদলি হিসেবে একাদশে সুযোগ পাওয়া কোল ম্যাককনকি নিজের একমাত্র ওভারেই কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনকে বিদায় করে দক্ষিণ আফ্রিকাকে বিপদে ফেলেন। মাত্র ১২ রানে ২ উইকেট হারানোর পর এইডেন মার্করাম ও ডিওয়াল্ড ব্রেভিস প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। পাওয়ার প্লে শেষে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪৮ রান।

মাঝপথে রাচিন রবীন্দ্রর ঘূর্ণিতে মার্করাম ও ডেভিড মিলার দ্রুত ফিরে গেলে বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হতে থাকে। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা প্রোটিয়াদের পথ দেখান মার্কো জানসেন ও ট্রিস্টান স্টাবস। জানসেনের ২৭ বলে অপরাজিত ৫৫ রানের ঝোড়ো ইনিংসে লড়াকু পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। কিউইদের পক্ষে রাচিন রবীন্দ্র ও ম্যাককনকি দুটি করে উইকেট নেন।

তবে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড যা করল, তাকে একপাক্ষিক তাণ্ডব বললেও কম হবে। ফিন অ্যালেন ও টিম সাইফার্ট শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হন। পাওয়ার প্লের মধ্যেই তারা কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। সাইফার্ট ২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ফিন অ্যালেন আরও বিধ্বংসী হয়ে ওঠেন। মাত্র ১৯ বলে অর্ধশতক ছোঁয়ার পর পরবর্তী ৫০ রান করতে তিনি খেলেন মাত্র ১৪ বল। কাগিসো রাবাদা ১১৭ রানের উদ্বোধনী জুটি ভাঙলেও অ্যালেনকে থামাতে পারেননি। ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ১০০ রান পূর্ণ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

এই জয়ে ২০২১ সালে হাতছাড়া হওয়া শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আহমেদাবাদের ফাইনালে পা রাখল নিউজিল্যান্ড। অন্যদিকে গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকাকে আরও একবার আসর থেকে বিদায় নিতে হলো খালি হাতেই।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১৬৯/৮ (২০ ওভার); জানসেন ৫৫*, স্টাবস ২৮। রবীন্দ্র ২/২৯, ম্যাককনকি ২/৯।
নিউজিল্যান্ড: ১৭৩/১ (১২.৫ ওভার); ফিন অ্যালেন ১০০*, সাইফার্ট ৫৮। রাবাদা ১/৩৭।
ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।