মার্চের ৯ দিনেই রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলারের বেশি

চলতি মার্চ মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (প্রায় ১.৫২ বিলিয়ন ডলার)। এতে করে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৬ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১০১ কোটি ৭০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৯৮ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৯০ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। এ কারণেই সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে রেমিট্যান্স প্রবাহে কিছুটা প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। তার আগে জানুয়ারি মাসে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

এর আগে গত ডিসেম্বর মাসে দেশে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স এবং চলতি অর্থবছরের সর্বোচ্চ। গত নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বর মাসে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আর আগস্ট ও জুলাই মাসে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো একটি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।