কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় মানবপাচার চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজিবি জানায়, গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, টেকনাফের সমুদ্র এলাকা দিয়ে মালয়েশিয়ায় পাচারের জন্য বিপুল সংখ্যক মানুষকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সদস্যরা যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটটি থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। পরে সেটি তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারীরা উদ্ধারদের সমুদ্রপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।