ঝিনাইদহে পুলিশের সাবেক এএসপিকে কুপিয়ে জখম

কালীগঞ্জ উপজেলার আড়পাড়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. আনোয়ার হোসেন নামের এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন। এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আড়পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালীগঞ্জের আড়পাড়া এলাকায় চিহ্নিত অপরাধী ও মাদক ব্যবসায়ী মাদক বিক্রি ও সেবনের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এলাকার সামাজিক পরিবেশ রক্ষার্থে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবসরপ্রাপ্ত এএসপি আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এর তীব্র প্রতিবাদ করে আসছিলেন।

গেল রাতে মাদক কারবারিদের একটি দল প্রকাশ্যে অপকর্ম করার সময় তিনি পুনরায় বাধা দিলে, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই তারা রামদা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাবেক এই পুলিশ কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে ও পেটাতে থাকে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তার চিৎকার ও আশপাশের লোকজনের ছুটে আসতে দেখে হামলাকারী মাদক ব্যবসায়ীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে অবিলম্বে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত সাবেক এই পুলিশ কর্মকর্তাকে দেখতে ছুটে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। তিনি আহতের চিকিৎসার খোঁজখবর নেন এবং এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন।

এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা যদি মাদক নিয়ে প্রতিবাদ করে নিজ এলাকায় এভাবে সন্ত্রাসী হামলার শিকার হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এমন প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন সাবেক পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই হামলার সঙ্গে জড়িত অপরাধী ও মাদক কারবারিদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।