যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরিয়ান বালোগুনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে চলমান বিতর্কে অবশেষে মুখ খুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিয়মিত বিশ্বকাপ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়ার কথা স্বীকার করলেও এই সিদ্ধান্তে তাঁর কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেছেন তিনি।
ফিফার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘ফিফার বিচারিক সংস্থাগুলো সম্পূর্ণ স্বাধীন। তারা স্বায়ত্তশাসিতভাবে কাজ করে, ফিফার শৃঙ্খলা বিধি অনুসরণ করে এবং প্রযোজ্য নিয়ম ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।’ ফুটবলের বিশ্বাসযোগ্যতা ও সততার স্বার্থে এই স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে ট্রাম্পের ফোনকল নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল, সে বিষয়ে সরাসরি ব্যাখ্যা দেন ফিফা সভাপতি। তিনি জানান, বিশ্বকাপ সম্পর্কিত নানা বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ হয় এবং এবারও ট্রাম্প তাঁকে ফোন করেছিলেন। ইনফান্তিনো জানান, শুধু মার্কিন প্রেসিডেন্টই নন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারি কর্মকর্তা, ফুটবল ব্যক্তিত্ব ও ব্যবসায়ী নেতাদের কাছ থেকেও তিনি বিভিন্ন সময়ে ফোনকল পেয়ে থাকেন।
তবে ট্রাম্পের সঙ্গে ওই ফোনালাপে তিনি কেবল চলমান আইনি প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছিলেন বলে দাবি করেন। ইনফান্তিনোর ভাষায়, বিষয়টি যেহেতু ফিফার স্বাধীন বিচারিক সংস্থার অধীন, তাই যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ফিফার কার্যপদ্ধতি এভাবেই পরিচালিত হয় এবং তিনি সবসময়ই এই নীতির পক্ষে অবস্থান নেবেন বলে সাফ জানিয়ে দেন।
শৃঙ্খলা কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে আগে থেকে তিনি কিছুই জানতেন না এবং সেখানে তাঁর কোনো ভূমিকাও ছিল না বলে দৃঢ়ভাবে দাবি করেন ফিফা সভাপতি।
উল্লেখ্য, বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগুন। নিয়ম অনুযায়ী, এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর মাঠে নামার কথা ছিল না। কিন্তু ম্যাচের ঠিক আগের দিন ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করলে ফুটবল বিশ্বে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ফিফার এই সিদ্ধান্তকে প্রতিযোগিতার ন্যায্যতা ও নিরপেক্ষতার পরিপন্থী উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন।