ভুলে ‘জয় বাংলা’ বলার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় বক্তব্যে ‘জয় বাংলা’ উচ্চারণ করায় দুঃখ প্রকাশ করেছেন দলটির উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেন তিনি।

লিখিত বক্তব্যে মো. শফিজল ইসলাম জানান, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভা’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়। ওই সভার বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে ভুলবশত ‘জয় বাংলা’ বলে ফেলেন।

এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে আমার মুখ থেকে উচ্চারিত হয়েছে উল্লেখ করে এনসিপি নেতা বলেন, যা ছিল স্রেফ একটি বলার ভুল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি সাদুল্লাপুরবাসী, দলীয় নেতাকর্মীসহ সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন তিনি। এরপর তিনি নিজের বক্তব্যের শেষাংশে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান উচ্চারণ করেন।

এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে এনসিপির গাইবান্ধা জেলা কমিটি শফিজল ইসলামকে শোকজ করে। শুক্রবার জেলা আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি স্বাক্ষরিত নোটিশে তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, শফিজল ইসলাম ও এস এম খাদেমুল ইসলাম খুদি অতীতে জাসদের যুবজোটের উপজেলা পর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শফিজল ইসলাম পেশায় একজন মাংস ব্যবসায়ী এবং তিনি সাদুল্লাপুর উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়নের বাসিন্দা।