নীলফামারীর ডিমলা উপজেলা সদরে অভিযান চালিয়ে ১০৫টি ইয়াবাসহ এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১), তার স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার বাসিন্দা মো. সহিদুল ইসলাম (৩৪)। সবুজ ও জিবন্নাহার বিথী ডোমারের স্থায়ী বাসিন্দা হলেও ডিমলা সদরের হোলারজুম্মা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের সহযোগিতায় ডিবির একটি দল বাবুর হাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ভাড়া বাসা থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।