জমির বিরোধে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত মিজান মিয়া বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে। অভিযুক্ত শহীদুল্লাহ (৬৫) একই এলাকার সুন্দর আলীর ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নিহতের স্বজনরা জানায়, বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার মিজান ও শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিলো। এনিয়ে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি। শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। এসময় শহীদুল্লাহ ও তার ছেলে জীবন মিয়া লাঠি দিয়ে মিজানকে মাথায় আঘাত করে। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে এসে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান বলেন, দুপুরে মিজান নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।

মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ সুরতহাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।