নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতা মাসুম মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন।

রোববার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি শাহেদ আল মামুন। এর আগে শনিবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকিরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। শনিবার দিবাগত রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরও কয়েকজন। এসময় আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়া দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হয় ছাত্রদল নেতা মাসুম।

এসময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে আহত হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরও ১০ জন। পরে আহতদের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।