বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো- জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং একই গ্রামের নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। পুকুরটি বাগানের মধ্যে হওয়ায় এর একটি অংশ বেশ গভীর। গোসলের একপর্যায়ে তিন শিশু গভীর পানিতে তলিয়ে যায়।

তাদের ডুবে যাওয়ার খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তিন শিশুকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, পুকুরটি শিশু ফাহিমাদের পরিবারের। এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে সাধারণত লোকজন গোসল করতে যেতেন না। স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।