এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা থেকে একসঙ্গে ৪৬ শিক্ষককে বনশ্রী ও মুগদা শাখায় বদলি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) মধ্যরাতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মতিক্রমে এসব শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ এই পদক্ষেপকে প্রশাসনিক সংস্কার হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, সংস্থায় দুর্নীতির মূল উৎপাটনের লক্ষ্যেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানান্তরিত শিক্ষকরা গত পাঁচ থেকে সাত বছর ধরে টানা মতিঝিল মূল শাখায় কর্মরত ছিলেন।

একাধিক শিক্ষক বলেন, রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই ৪৬ শিক্ষককে বদলির আদেশ জারি করা হয়। পরে, বদলি হওয়া শিক্ষকদের একটি অংশ সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন বলেও জানা গেছে।

শিক্ষকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি তাদের বদলির তথ্য ওয়েবসাইটে প্রকাশের আগেই অস্ট্রেলিয়াপ্রবাসী এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করেন। এ ঘটনায় বদলি প্রক্রিয়ার গোপনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

প্রসঙ্গত, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখা রয়েছে। এগুলো হলো— মতিঝিলের মূল শাখা, বনশ্রী ও মুগদা শাখা। তিন শাখায় প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন প্রায় ৭০০ জন। এ ছাড়া, কর্মচারী রয়েছেন দুই শতাধিক।