প্রথম ইনিংসে মাত্র ২৯০ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। অনেকেই ভেবেছিল ইনিংস ব্যবধানে হারবে লঙ্কানরা। তবে সবাইকে ভুল প্রমাণিত করেছেন তরুণ ব্যাটার সোনাল দিনুশা। তার টানা দুই ইনিংসে সেঞ্চুরিতে জয়বঞ্চিত হয়েছে ভারত।
প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৫০৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ২৯০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১০৩ রান করেন দিনুশা।
এরপর ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ৬ উইকেট হারায় লঙ্কানরা। লিড পায় মাত্র ২৬ রানের। এতে পঞ্চম দিনে জয় হাতছানি দিচ্ছিলো ভারতকে।
তবে লো-অর্ডার ব্যাটারদের নিয়েই প্রতিরোধ গড়েন সোনাল দিনুশা। সপ্তম উইকেটে কেশারা নুয়ান্থা সঙ্গে ১১২ রানের জুটি গড়েন তিনি। ফিফটি পূরণ করতে না পারলেও ১৫০ বলে গুরুত্বপূর্ণ ৪৬ রানের একটি ইনিংস খেলেন নুয়ান্থা। পরের উইকেটে নেমে ২ রান করে ফেরেন প্রবাথ জয় সুরিয়া।
নবম উইকেটে সোনাল দিনুশাকে সঙ্গ দিতে থাকেন লাহিরু কুমারা। এই জুটিতে আসে ৪৭ রান। মাত্র ১২ রান করলেও ৯০টি বল মোকাবিলা করেছেন কুমারা। নবম উইকেটের পতন ঘটলেও থামেননি দিনুশা। শেষ উইকেট জুটিতে আসিথা ফার্নান্দোকে নিয়েও লড়ে যান তিনি। শেষ পর্যন্ত ড্র মেনে নেয় ভারত। আর ১৩৩ রানে অপরাজিত থাকেন দিনুশা।