১৯৫ দেশের পতাকা দেখে ৮ মিনিটে নাম লিখে রাফানের রেকর্ড

ছোটবেলা থেকেই মানচিত্র ও বিভিন্ন দেশের পতাকার প্রতি ছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষার্থী রাফান মাশরুর হকের আগ্রহ। সেই কৌতূহল ও নিয়মিত অনুশীলনই এবার তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক রেকর্ডের স্বীকৃতি।

সম্প্রতি এসএসসি পাস করা ১৭ বছর বয়সী রাফান পতাকা দেখে জাতিসংঘ স্বীকৃত বিশ্বের ১৯৫টি দেশের নাম সবচেয়ে দ্রুত টাইপ করে এশিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিয়েছে। ল্যাপটপে ১৯৫টি দেশের নাম লিখতে তার সময় লেগেছে মাত্র ৮ মিনিট ১ সেকেন্ড। ১৪ জুলাই রেকর্ডটি নিশ্চিত করে এশিয়া বুক অব রেকর্ডস।

ছোটবেলা থেকেই এক দেশের নাম থেকে আরেক দেশের নাম, এক দেশের সীমানা থেকে অন্য দেশের সীমানা এবং বিভিন্ন দেশের পতাকার নকশা রাফানকে আকৃষ্ট করত। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থান, নাম ও পতাকা সম্পর্কে তার জ্ঞান বাড়তে থাকে।

রাফান জানায়, বিভিন্ন দেশের নাম, অবস্থান ও পতাকা সম্পর্কে জানার কৌতূহল থেকেই সে নিয়মিত মানচিত্র দেখত এবং দেশগুলোর বিষয়ে জানত। একসময় তার মনে হয়, এই আগ্রহকে ভিন্ন ধরনের একটি চ্যালেঞ্জে পরিণত করা যায়।

এরপর এ ধরনের আগের রেকর্ডগুলো সম্পর্কে খোঁজ নেয় রাফান। নতুন রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে শুরু করে নিয়মিত অনুশীলন। পতাকা দেখেই দ্রুত দেশের নাম শনাক্ত করার দক্ষতা বাড়াতে স্পোরকল অ্যাপে বারবার অনুশীলন করে সে। সময়ের সঙ্গে টাইপ করার গতি বাড়ানোর পাশাপাশি প্রস্তুতিও আরও নিবিড় করে।

প্রস্তুতি শেষে এশিয়া বুক অব রেকর্ডসে নিবন্ধন করে রাফান। ১৭ বছর বয়সে বিশ্বের ১৯৫টি দেশের পতাকা দেখে মাত্র ৮ মিনিট ১ সেকেন্ডে দেশগুলোর নাম টাইপ করে নতুন রেকর্ড গড়ে সে।

মানচিত্রের প্রতি ছোটবেলার কৌতূহল থেকেই শুরু হয়েছিল রাফানের এই পথচলা। নিয়মিত অনুশীলন ও শেখার আগ্রহ সেই কৌতূহলকেই পরিণত করেছে আন্তর্জাতিক রেকর্ডে।