বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথমবার অংশ নিয়েই সাফল্য পেয়েছেন নেত্রকোনার খালিয়াজুরীর সন্তান শুভ আহম্মেদ। মেধাতালিকায় ৮০তম স্থান অর্জন করে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা শুভর বাড়ি খালিয়াজুরীর প্রত্যন্ত জগন্নাথপুর গ্রামে। নিজ গ্রামের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো জিপিএ-৫ অর্জন করেন তিনি। এরপর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে আইন বিভাগে ভর্তি হন। সেখানে ভর্তি পরীক্ষার মেধাতালিকায় নবম স্থান অর্জন করেছিলেন শুভ।
নিজের এই সাফল্য নিয়ে শুভ আহম্মেদ বলেন, ‘আইন বিভাগে ভর্তির পর থেকেই জজ বা অ্যাডমিন ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল। বাবার পরিশ্রম আর মায়ের স্বপ্ন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমি চাইতাম নিজের আলাদা একটা ভ্যালু তৈরি করতে। প্রস্তুতির সময় নিজেকে কখনো ফাঁকি দিইনি, বরং পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট কৌশলী হওয়ার চেষ্টা করেছি।’
ভবিষ্যতে বিচারক হিসেবে নিজের ভূমিকার কথা উল্লেখ করে শুভ বলেন, ‘আদালত মানুষের সবচেয়ে বিশ্বস্ত জায়গা। মানুষ নিরুপায় হয়েই সেখানে যায়। আমি চেষ্টা করব আমার আইনি জ্ঞান ও বাধ্যবাধকতা মেনে মানবিকতার জায়গা থেকে মানুষকে ন্যায়বিচার দিতে।’
উল্লেখ্য, গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ২০০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।