টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে টাকা ভাঙিয়ে না দেওয়াকে কেন্দ্র করে আবদুল বারী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে তার মুদিখানার দোকানে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশের ভাষ্য, শনিবার সন্ধ্যার পর নগরীর চন্ডিপুর এলাকার একদল যুবক বাকির মোড়ে মাদক সেবন করতে যায়। পরে তারা টাকা ভাঙাতে আবদুল বারীর দোকানে গেলে তিনি ক্যাশে ভাঙতি টাকা নেই বলে জানান। এ নিয়ে তাদের সঙ্গে আবদুল বারীর কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়।

এর জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে আবদুল বারীর বাড়ির সামনে আসে বলে অভিযোগ। প্রথমে তারা তার মুদিখানার দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

দোকানে আগুন দেওয়ার পর আবদুল বারী ও তার পরিবারের সদস্যরা বাসা থেকে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা আবদুল বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তাকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে স্বজনদের দাবি।

পরে স্বজনরা গুরুতর আহত আবদুল বারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে নিহত ব্যবসায়ীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এজাহার পর্যালোচনা করে আসামিদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।