আইনি পদক্ষেপ নিলে হত্যার হুমকি

গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই

গাইবান্ধার সাঘাটায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে এক ব্যক্তির মোটরসাইকেল ও ৭৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের চৌধুরীপাড়া গেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন যাদুরতাইড় এলাকার বাসিন্দা ভুক্তভোগী মো. আনিছুর রহমান চৌধুরী।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাঘাটা বাজার এলাকা থেকে চাচাশ্বশুর মো. শাহ আলীর কাছ থেকে ধারের ৭৯ হাজার টাকা নিয়ে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। বেলা ১১টার দিকে যাদুরতাইড় গ্রামের চৌধুরীপাড়া গেট এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা তার গলায় ধারালো রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং তার সুঙ্গে থাকা নগদ ৭৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে মারধর করে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে দিয়ে সেটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের হাতে লোহার রড, রামদা, চাপাতি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী আনিছুর রহমান জানান, এ ঘটনার পর কোনো আইনি পদক্ষেপ নিলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দিয়েছে ছিনতাইকারীরা।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, হামলা ও ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত হলে এবং সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।