রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই উল্লেখ করে তিনি বলেছেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, ‘রাজশাহী শান্তির শহর। এখানে সবাই মিলেমিশে থাকে। কিন্তু একটি বিষয়কে কেন্দ্র করে উস্কানির ভিত্তিতে রাজশাহী রেলওয়ে স্টেশন ভাঙচুর করা হয়েছে। যারা করেছে এটা ঠিক করেনি। সরকারী সম্পদ নষ্ট করার অধিকার কারো নেই।’
তিনি বলেন, স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে ভূমিমন্ত্রী স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান ও অবকাঠামোগত ভাঙচুরের পরিস্থিতি ঘুরে দেখেন। তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, ভাঙচুর করা বিভিন্ন জিনিসপত্র, অপেক্ষা কক্ষ ও যাত্রী লাউঞ্জ পরিদর্শন করেন।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরিস্থিতি সামাল দিতে সিটি করপোরেশনের প্রশাসকসহ বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি শান্ত করতে বেগ পেতে হয়। শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ চারজনকে বরখাস্ত করেছে। আর স্টেশনে হামলার ঘটনায় রেল কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছে।