বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দরপত্রে গোপনীয় দর ফাঁস ও একটি সিন্ডিকেটের মাধ্যমে সরকারের প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, অভিযানের সময় অভিযোগের প্রাথমিক যাচাইয়ে এনসিটিবি থেকে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্য তালিকা, ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়।
সংগৃহীত নথিপত্র বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে। এরপর অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট টিম কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা।
অভিযোগে বলা হয়েছে, বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দরপত্র প্রক্রিয়ায় গোপনীয় দর ফাঁস এবং একটি সিন্ডিকেটের মাধ্যমে কাজ পরিচালনার কারণে সরকারের প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। এনফোর্সমেন্ট অভিযানের মাধ্যমে অভিযোগের সত্যতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অনিয়মের ধরন যাচাই করছে দুদক।