ওয়াহকে পেছনে ফেললেন স্মিথ, সামনে কেবল পন্টিং-বোর্ডার

অস্ট্রেলিয়ার টেস্ট ক্যারিয়ারে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন স্টিভেন স্মিথ। কিংবদন্তি স্টিভ ওয়াহকে পেছনে ফেললেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় স্মিথ এখন তৃতীয়। তার উপরে কেবল রিকি পন্টিং ও অ্যালান বোর্ডার।

শুক্রবার (৯ অক্টোবর) ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে শুরুতে বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার নিক ম্যাডিনসন ও ট্র্যাভিস হেড দ্রুত বিদায় নেন। 

এরপর চার নম্বরে ব্যাট করতে নামেন স্মিথ। ১০ হাজার ৯২০ রান ছিল তার নামের পাশে। আর ৮ রান যোগ হতেই ওয়াহকে (১০৯২৭) টপকে যান তিনি। স্মিথের ওপরে আছেন আরও দুই কিংবদন্তি পন্টিং ও বোর্ডার। ১৩ হাজার ৩৭৮ নিয়ে শীর্ষে পন্টিং, বোর্ডার ১১ হাজার ১৭৪ রান নিয়ে দুই নম্বরে।

সর্বকালের সেরা টেস্ট রান সংগ্রাহকের তালিকায় স্মিথ ১৩তম স্থানে। ওয়াহকে ফেলে এগিয়ে যাওয়ার দিনে তিনি বড় কোনো ইনিংস খেলতে পারেননি। ৫৩ বলে ২৫ রান করে থামেন তিনি। মার্কো ইয়ানসেনের বলে মুল্ডারের ক্যাচ হন স্মিথ।