বিগত দিনে মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অতীতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর অপচেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের নয়, ইসলাম কোনো ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর।’

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। মাহফিলকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি মাহফিলে নিরপেক্ষ বক্তা আনা উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের চেষ্টা করবেন। কোনো দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ ওলামা দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।