বাবার ঠিক করা পাত্রকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে নিজের পছন্দের মানুষকে বিয়ে করার সিদ্ধান্তে অনড় থাকায় ১৯ বছর বয়সী মেয়েকে ঘুমন্ত অবস্থায় মাথায় গুলি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের মৈনপুরী জেলার ভোঁগাও শহরে গত সোমবার এ নৃশংস ঘটনা ঘটে বলে মঙ্গলবার পুলিশ নিশ্চিত করেছে।
গুলিবিদ্ধ তরুণীর নাম শাজিয়া (১৯)। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাইফাই মেডিকেল কলেজে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মৈনপুরী নগর পুলিশের সুপারিনটেনডেন্ট (এসপি সিটি) অরুণ কুমার সিং সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ঘটনার পর তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ কর্মকর্তা অরুণ কুমার সিং বলেন, ‘শাজিয়া স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন এবং তাঁকেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে তাঁর বাবা আসিন খান (৪৮), যিনি পেশায় একজন দিনমজুর, আগামী ১৯ নভেম্বর অন্য এক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ের দিন ঠিক করেছিলেন। বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করার জেদ ধরায় ক্ষিপ্ত হন আসিন। একপর্যায়ে মেয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি তাঁর মাথায় সরাসরি গুলি করেন।’
পুলিশ কর্মকর্তা আরও জানান, গুলির বিকট শব্দ শুনে শাজিয়ার মা খেরুন্নিসা দ্রুত কক্ষে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাইফাই মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
এ ঘটনায় মেয়েকে হত্যার চেষ্টার অভিযোগ এনে স্বামী আসিন খানের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি নিয়মিত মামলা (এফআইআর) দায়ের করেছেন মা খেরুন্নিসা। পুলিশ কর্মকর্তা অরুণ কুমার সিং জানিয়েছেন, মেয়েকে গুলি করার পর আসিন খান ভোঁগাও থানার দিকে যাওয়ার পথেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে।