স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

ঝিনাইদহে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। তারা হলো- উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে প্রিন্স হোসেন ও কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের সেলিম হোসেন মিন্টুর ছেলে নয়ন হোসেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ওই ছাত্রী সন্ধ্যার পর পাশের বাড়ি যাচ্ছিল। এ সময় বাড়ির পেছনে আগে থেকে ওঁৎ পেতে থাকা বেলাট গ্রামের প্রিন্স হোসেন ও কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের নয়ন হোসেনসহ ৩ জন তার মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। সেখান থেকে পার্শবর্তী কলাবাগানের ভেতর নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে অচেতন অবস্থায় পুকুরের পানিতে ফেলার সময় একজন দেখে ফেলে এবং তারা পালিয়ে যায়।

আরো পড়ুন : ডেঙ্গুতে সরকারি তিতুমীর কলেজছাত্রের মৃত্যু

খবর পেয়ে মেয়েটির স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে প্রিন্স হোসেন ও নয়ন হোসেনকে গ্রেফতার করেছে।

ইত্তেফাক/আরকেজি