ভোলায় পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহা (৮) ও তানহা আক্তার (৯) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মাহা স্থানীয় বাসিন্দা মো. শাহিনের মেয়ে এবং তানহা আক্তার আব্দুল গনির মেয়ে। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু গোসল করতে বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে ডুবে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পথচারীরা এক শিশুকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে প্রথমে তাকে উদ্ধার করেন। অপর শিশুটি পানির নিচে গাছের ডালের সঙ্গে আটকে ছিল বলে জানা যায়।

বোরহানউদ্দিন থানার ওসি আশ্রাব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা চলমান আছে।