যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে ইউরোপীয় দেশগুলোকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো সম্ভাব্য হামলা মোকাবিলায় ইরান সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাতিবজাদেহ বলেন, গত কয়েক মাসে ইউরোপীয় দেশগুলো একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের নিজেদের নেওয়া সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হচ্ছে।
ইরানের এই কর্মকর্তা অভিযোগ করেন, ভুল নীতির কারণে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলোতে ইউরোপীয় শক্তিগুলো ক্রমেই প্রভাব হারাচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইউরোপকে ইসরায়েলের ‘অপরাধ ও আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের বারবার লঙ্ঘন’ থেকে নিজেদের দূরে রাখতে হবে।
খাতিবজাদেহ আরও বলেন, ইউরোপীয় দেশগুলো যত দিন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেবে, তত দিন তাদের ওপর আস্থা রাখা কঠিন। আস্থা ফিরিয়ে আনতে হলে মার্কিন বাহিনীকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে আন্তরিক উদ্যোগ নিতে হবে।